হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪০ ভরি স্বর্ণালংকারসহ দুই ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের ওজন ৪৭৫ দশমিক ৬ গ্রাম, যা ২১ ক্যারেটের। এর আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলার বহির্গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন খায়রুল হাসান আকন (২৯) ও শেখ আরিফুল ইসলাম (৪৬)।
এয়ারপোর্ট এপিবিএন সূত্রে জানা যায়, সকালে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলার বাইরের গেট এলাকায় দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করেন। এ সময় এপিবিএনের সদস্যরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালান।
তল্লাশির একপর্যায়ে তাদের কাছ থেকে ৪৭৫ দশমিক ৬ গ্রাম বা ৪০ দশমিক ৭৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সব স্বর্ণালংকার ২১ ক্যারেটের বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে এসব স্বর্ণালংকার চোরাচালানের উদ্দেশ্যে বাংলাদেশে আনা হয়েছে। এ ছাড়া আটক দুজন দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে এপিবিএন।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। তাদের পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। স্বর্ণ ও মাদক চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বিমানবন্দরকে নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া স্বর্ণালংকারের উৎস, চোরাচালান চক্রের সঙ্গে আটক ব্যক্তিদের সংশ্লিষ্টতা এবং এর সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত করা হচ্ছে।
প্রতিবেদকের নাম 

















