টলিউডের নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশি অভিনেত্রী মিথিলা রশীদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা রয়েছে। এবার সৃজিতের সাম্প্রতিক এক মন্তব্য সেই জল্পনাকে আবারও উসকে দিয়েছে। যদিও সাক্ষাৎকারে সরাসরি মিথিলার নাম নেননি তিনি।
সম্প্রতি পশ্চিমবঙ্গের জনপ্রিয় টকশো ‘স্ট্রেইট আপ উইথ শ্রী’-তে নিজের অতীত সম্পর্ক, সাবেক প্রেমিকাদের সঙ্গে বর্তমান যোগাযোগ এবং ব্যক্তিগত একাকিত্ব নিয়ে খোলামেলা কথা বলেন সৃজিত।
‘স্থায়ী সঙ্গীর অভাব বোধ করি’
সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে সৃজিত জানান, জীবনের এই পর্যায়ে এসে তিনি একটি ‘স্টেবল পার্টনারশিপ’ বা স্থায়ী সঙ্গীর অভাব অনুভব করেন।
সৃজিত ও মিথিলার বিয়ের পর প্রায় ছয় বছর পেরিয়ে গেছে। তবে শুরু থেকেই তাদের সংসারজীবন নিয়ে নানা আলোচনা ছিল। গত তিন বছর ধরে বিভিন্ন সময় তাদের বিচ্ছেদ নিয়েও গুঞ্জন ছড়িয়েছে।
সাক্ষাৎকারে মিথিলার প্রসঙ্গ সরাসরি না এলেও সৃজিতের ‘স্থায়ী সঙ্গী নেই’ মন্তব্যের পর তাদের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অনুরাগীদের একাংশের ধারণা, এই মন্তব্য হয়তো তাদের সম্পর্কের পরিণতির দিকে পরোক্ষ ইঙ্গিত।
সাবেকদের সঙ্গে যোগাযোগের কথা জানালেন
সৃজিত জানান, স্বস্তিকা মুখোপাধ্যায় কিংবা ঋতাভরী চক্রবর্তীর মতো সাবেকদের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ রয়েছে।
সাক্ষাৎকারে সুস্মিতা চট্টোপাধ্যায়ের প্রসঙ্গও ওঠে। একসময় তার সঙ্গে সৃজিতের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কি না—এমন প্রশ্নের জবাবে নির্মাতা বলেন, সব সম্পর্কের নির্দিষ্ট কোনো লেবেল থাকে না।
সৃজিতের ভাষ্য অনুযায়ী, সুস্মিতা একসময় তার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তারা ‘এক্সট্রিমলি ক্লোজ’ ছিলেন। তবে সময়ের সঙ্গে সেই ঘনিষ্ঠতা কমে গেছে। এখন তারা আগের মতো ঘনিষ্ঠ না হলেও একে অপরের শুভাকাঙ্ক্ষী।
‘জীবন একটা জার্নি’
সুস্মিতার সঙ্গে সম্পর্কের পরিবর্তন প্রসঙ্গে সৃজিত বলেন, জীবন আসলে একটি যাত্রার মতো। অনেকেই কয়েকটি স্টেশন পর ট্রেন থেকে নেমে যান, এরপর হয়তো অন্য ট্রেনে যাত্রা শুরু করেন।
তার এই বক্তব্যের মধ্য দিয়ে অতীত সম্পর্ক ও বিচ্ছেদকে জীবনের স্বাভাবিক পরিবর্তন হিসেবেই দেখার ইঙ্গিত পাওয়া যায়।
তবে মিথিলার সঙ্গে তার সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে সরাসরি কোনো ঘোষণা দেননি সৃজিত। ফলে নির্মাতার ‘স্থায়ী সঙ্গী নেই’ মন্তব্যকে কেন্দ্র করে তাদের বিচ্ছেদ হয়েছে কি না, তা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
প্রতিবেদকের নাম 





















