ঢাকার মোহাম্মদপুর থেকে চুরি হওয়া এক স্কুল শিক্ষিকার প্রায় ২১ লাখ টাকা মূল্যের ৯ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫ লাখ টাকা ভোলায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. আব্দুল আলী (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই শিক্ষিকার গাড়িচালক ছিলেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। আব্দুল আলীর বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী এলাকায়।
পুলিশ সুপার জানান, ভোলার সদর রোডে নুর জুয়েলার্সে এক ব্যক্তি স্বর্ণালঙ্কার বিক্রির চেষ্টা করছেন—এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। ওই ব্যক্তির সঙ্গে থাকা কালো রঙের একটি হাতব্যাগ তল্লাশি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা পাওয়া যায়। পরে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় স্বর্ণালঙ্কার ও টাকা জব্দ করে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সুপার আরও জানান, জিজ্ঞাসাবাদে আব্দুল আলী স্বীকার করেন, ঢাকার মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার শিক্ষিকা তাছলিমের বাসা থেকে এসব স্বর্ণালঙ্কার ও টাকা চুরি করে বিক্রির উদ্দেশ্যে ভোলায় নিয়ে এসেছিলেন।
প্রতিবেদকের নাম 






















