রাজধানীর বনশ্রীতে পারিবারিক দ্বন্দ্বের জেরে চার বছরের শিশুকন্যা আসফিয়া জাহান নূরকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার মা মেহেরুননেসার বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে বনশ্রীর বি-ব্লকের ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাসার তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মেহেরুননেসাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে রামপুরা থানা পুলিশ।
নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে আশরাফুল হক ইমন ও মেহেরুননেসার বিয়ে হয়। সংসারের প্রথম বছর মোটামুটি ভালো কাটলেও গত পাঁচ বছর ধরে তাঁদের মধ্যে পারিবারিক কলহ ও অশান্তি চলছিল। দুই পরিবারের পক্ষ থেকে কয়েক দফা সালিশ করেও বিরোধের সমাধান করা যায়নি।
ঘটনার দিন বিকেলে মেহেরুননেসা হোয়াটসঅ্যাপের ‘ভিউ ওয়ান্স’ (View Once) ফিচার ব্যবহার করে শিশুটির বাবা আশরাফুল হক ইমনকে পরপর দুটি ভয়েস মেসেজ পাঠান। প্রথম বার্তায় তিনি বলেন, ‘তোর মেয়েরে মাইরা ফেলতেছি’। দ্বিতীয় বার্তায় জানান, ‘আমি তোর মাইয়ারে মাইরা ফেলাইছি’।
এমন বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই ইমন বাসার মালিক এমদাদুল হককে ফোন করে দ্রুত খোঁজ নিতে বলেন। বাড়ির মালিক ওই ফ্ল্যাটে পৌঁছানোর পর অভিযুক্ত মা নিজেই জানান, তিনি মেয়েকে মেরে ফেলেছেন। একই সঙ্গে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করার কথাও বলেন।
খবর পেয়ে বাড়ির মালিক জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পরে রামপুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন জানান, বুধবার (১৮ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে শিশুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। অভিযুক্ত মেহেরুননেসাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
শিশুটির মরদেহ আজিমপুরে দাফন করার কথা রয়েছে। পারিবারিক কলহের জেরে ঘটে যাওয়া এ ঘটনায় পুরো এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রতিবেদকের নাম 






















