বর্তমান সরকারের গত ছয় মাসের কার্যক্রমের মূল্যায়ন করতে গিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন বলেছেন, এ সময়ে সরকারের অন্যতম উল্লেখযোগ্য অর্জন হলো নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে নিরলসভাবে কাজ করা।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, সরকারের প্রতিটি পদক্ষেপে সুদৃঢ় গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটেছে। জনগণের আস্থা ও বিশ্বাসকে ধারণ করে বর্তমান সরকার দায়িত্ব ও দায়বদ্ধতার সঙ্গে এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, গত ছয় মাসে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্তে যেসব গণসম্পৃক্ত কর্মসূচিতে অংশ নিয়েছেন, সেখানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সরকারের প্রতি তাদের সমর্থনের প্রতিফলন।
এই ছয় মাসের শাসনামলকে তিনি একটি সফল গণতান্ত্রিক যাত্রার সূচনালগ্ন হিসেবে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত সভায় সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বক্তব্য দেন।
এ ছাড়া তথ্য উপদেষ্টা জাহিদ উর রহমান, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
প্রতিবেদকের নাম 




















