প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর বাংলাদেশে নতুন জাপানি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি আশা প্রকাশ করে বলেন, প্রত্যাশার বাইরেও সফল হবে এই সফর।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জলবায়ু সম্মেলন কপ-৩১ নিয়ে আয়োজিত জাতীয় সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রদূতকে তলব স্বাভাবিক প্রক্রিয়া
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার কখন কোন রাষ্ট্রদূতকে ডেকে পাঠাবে, তা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়।
জলবায়ু কূটনীতিতে গুরুত্ব
জাতীয় সংলাপে শামা ওবায়েদ বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নেতৃত্বের অবস্থান আরও শক্তিশালী করতে চায় সরকার। এ লক্ষ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘ক্লাইমেট চেঞ্জ উইং’ খোলা হয়েছে।
তিনি বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্ববাসীর সামনে বাংলাদেশের অভিন্ন বক্তব্য তুলে ধরতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সব অংশীজনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
নারী ও শিশুদের সুরক্ষায় গুরুত্ব
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারী ও শিশুদের সমস্যাকে বিশেষ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, জলবায়ু সংকটে নারী ও শিশুরা যেসব সমস্যার মুখোমুখি হয়, সেগুলো বিবেচনায় না নিলে এই পরিবর্তনের প্রভাব কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব নয়। তাই জলবায়ু নীতি ও উদ্যোগে তাদের সংকটকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রতিবেদকের নাম 




















