
বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন সমন্বিত ভ্রমণ প্যাকেজ চালু করেছে সৌদি আরব। এই উদ্যোগের আওতায় ভ্রমণকারীরা একটি বুকিংয়ের মাধ্যমেই ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা, রিটার্ন বিমান টিকিট এবং অনুমোদিত হোটেলে থাকার সুবিধা পাবেন।
প্রাথমিকভাবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিসর, জর্ডান, ইন্দোনেশিয়া এবং মেক্সিকোর নাগরিকদের জন্য এ সুবিধা চালু করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে আরও দেশের নাগরিকদের এই কর্মসূচির আওতায় আনা হবে।
নতুন ব্যবস্থায় আলাদাভাবে ভিসার আবেদন বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না। অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে প্যাকেজ বুকিং করার পর ৪৮ ঘণ্টার মধ্যে ইলেকট্রনিক ভিসা ইস্যু করা হবে। ভিসার পাশাপাশি ইমেইলে ভ্রমণ বিমা ও প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত নথিও পাঠানো হবে।
বর্তমানে রিজারভাল ও আলমোসাফের নামে দুটি অনুমোদিত ট্রাভেল এজেন্সি এই সেবা দিচ্ছে। ভিসার মেয়াদ হবে তিন মাস এবং এটি একবার প্রবেশের জন্য বৈধ। এই ভিসায় দুই দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত সৌদি আরবে অবস্থান করা যাবে।
প্রাপ্তবয়স্কদের জন্য দুই দিনের সর্বনিম্ন প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার সৌদি রিয়াল। এরপর প্রতিটি অতিরিক্ত দিনের জন্য ১ হাজার সৌদি রিয়াল যোগ হবে। ভিসা ও ভ্রমণ বিমাসহ মোট ভিসা ফি ৪০২.২১ সৌদি রিয়াল।
এ ছাড়া ভ্রমণকারীরা চাইলে বুকিংয়ের সঙ্গে বিভিন্ন ইভেন্টের টিকিট ও বিনোদনমূলক কার্যক্রমও যুক্ত করতে পারবেন। তবে এই প্যাকেজে উমরাহ-সংক্রান্ত কোনো সেবা অন্তর্ভুক্ত নয়। যদিও ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশের পর মক্কা ও মদিনাসহ দেশের যেকোনো স্থানে ভ্রমণ করতে পারবেন।
প্রতিবেদকের নাম 




















