ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে প্রথমবারের মতো অভিযানে অংশ নিয়েছে দেশটির সামরিক পরিবহন বিমান ‘এ৪০০এম’। শনিবার (২৫ জুলাই) ফরাসি সরকারের নির্দেশে বিমানটি অগ্নিনির্বাপণ কার্যক্রমে ব্যবহার করা হয়।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, একবারে ২০ টন পানি বা আগুন নেভানোর বিশেষ রাসায়নিক ছিটানোর সক্ষমতা রয়েছে এই সামরিক বিমানটির। ফরাসি সরকারের দাবি, পানির ধারণক্ষমতার দিক থেকে এটি তিনটি ‘কানাডেয়ার’ অগ্নিনির্বাপণ বিমানের সমান সক্ষমতা রাখে।
ভয়াবহ পরিস্থিতিতে জরুরি মোতায়েন
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রস্তুতি ও পরীক্ষা-নিরীক্ষা শেষে চলতি মাসের শেষ দিকে বিমানটি ব্যবহারের কথা ছিল। তবে দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে দাবানল দ্রুত ভয়াবহ আকার ধারণ করায় প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকোর্নু শনিবারই বিমানটি অভিযানে ব্যবহারের নির্দেশ দেন।
দাবানল নিয়ন্ত্রণে পরীক্ষামূলকভাবে ‘এ৪০০এম’ বিমান ব্যবহারের জন্য ফরাসি স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে চুক্তি করেছিল।
সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষ
ফ্রান্সের জিরোন্ডে অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলের পরিস্থিতি এখনো অত্যন্ত উদ্বেগজনক বলে জানিয়েছেন স্থানীয় শীর্ষ কর্মকর্তা সোফি ব্রোকাস।
বোর্দো শহরের কাছের বিভিন্ন গ্রাম থেকে শুক্রবার (২৪ জুলাই) প্রায় ৫৭ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দাবানলের তীব্রতায় সেখানে ‘ফায়ারস্টর্ম’ বা ‘অগ্নিঝড়’-এর মতো বিরল আবহাওয়াগত পরিস্থিতি তৈরি হয়েছে। দেশটিতে এর আগে এমন ঘটনা দেখা যায়নি বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সূত্র: ইয়াহু নিউজ
প্রতিবেদকের নাম 



















