রাজধানীর মগবাজারে নিজের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় থানায় মামলা করেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। শনিবার (২৪ অক্টোবর) রাতে হাতিরঝিল থানায় তিনি নিজেই বাদী হয়ে মামলাটি করেন। এজাহারে কোনো ব্যক্তির নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি তদন্ত করছে পুলিশ। তবে এখনো এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোর পৌনে ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে মগবাজারের বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ঘটনার সময় শিল্পী গাড়িতে ছিলেন না। তিনি ওই ভবনে অবস্থিত নিজের ব্যক্তিগত কার্যালয় বা স্টুডিওতে ছিলেন। গাড়িতেও অন্য কেউ ছিলেন না।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও গাড়িটির পেছনের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সিএনজিচালিত একটি অটোরিকশায় এসে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে ওই অটোরিকশায় করেই তিনি মালিবাগের দিকে চলে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ঘটনাটি নিয়ে কাজ করছে। গুলি ছোড়ার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা জানার চেষ্টা চলছে তদন্তকারীদের।
প্রতিবেদকের নাম 






















