গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবাহী পিকআপের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে বাবা ও তাঁর ছয় বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম রঞ্জু (৪৫)। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে। তাঁর মেয়ের নাম সামিরা আক্তার (৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গোপালগঞ্জের দিকে যাচ্ছিল মাছবাহী একটি পিকআপ। পথে বিপরীত দিক থেকে আসা মুকসুদপুরগামী একটি অটোভ্যানকে চাপা দেয় পিকআপটি। এতে অটোভ্যানে থাকা বাবা ও মেয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ উদ্ধার তৎপরতা চালায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেবে হাইওয়ে পুলিশ।
এদিকে দুর্ঘটনার পর পিকআপটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদ আহমেদ জানান, পিকআপের চালক ও তাঁর সহযোগী পালিয়ে গেছেন। ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ দিলে আইন অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
একই দুর্ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যুতে তাঁদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিবেদকের নাম 
























