পরিবহন মালিকদের বিরোধের জেরে কিশোরগঞ্জ থেকে ঢাকার মহাখালী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে এ রুটে বাস বন্ধ থাকায় কর্মজীবী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।
কিশোরগঞ্জ শহরের গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনালে ঢাকাগামী বাসের জন্য এসে অনেক যাত্রীকে ফিরে যেতে হচ্ছে। জরুরি প্রয়োজনে ঢাকায় যাওয়ার পরিকল্পনা থাকলেও বাস না পেয়ে বিপাকে পড়ছেন তাঁরা। কেউ কেউ বিকল্প পথে যাত্রা করছেন, তবে এতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
গাইটাল বাস টার্মিনাল থেকে ঢাকার মহাখালী রুটে সাধারণত অনন্যা সুপার, অনন্যা ক্লাসিক, জলসিঁড়ি পরিবহন ও উজান-ভাটি পরিবহনের বাস চলাচল করে।
যে কারণে বাস চলাচল বন্ধ
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পুরোনো বাস পরিবর্তন করে নতুন বাস নামানোকে কেন্দ্র করে কিশোরগঞ্জ ও ঢাকার পরিবহন মালিকদের মধ্যে বিরোধ তৈরি হয়েছে।
কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আনিসুজ্জামান বাবুল জানান, নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর যাত্রীসেবার মান উন্নয়নে পুরোনো বাস সরিয়ে নতুন বাস চালুর উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে ঢাকার পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা হলে তাঁরাও সম্মতি দিয়েছিলেন।
তবে কিশোরগঞ্জের মালিকেরা পুরোনো বাস পরিবর্তন করে নতুন বাস নামালেও ঢাকার মালিকেরা তাঁদের পুরোনো বাস পরিবর্তন করেননি। উল্টো এ রুটে আরও দুটি বাস যুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আনিসুজ্জামান বাবুল বলেন, এ নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর পরিপ্রেক্ষিতেই কিশোরগঞ্জ থেকে মহাখালী রুটে চলাচলকারী সব বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
যাত্রীদের ভোগান্তি
বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ঢাকায় কর্মরত মানুষ ও শিক্ষার্থীরা। ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আবির ইসলাম পারভেজ জানান, পূজার ছুটি শেষে কর্মস্থলে ফেরার জন্য বাসস্ট্যান্ডে এসে বাস চলাচল বন্ধ থাকার খবর পান। পূর্বঘোষণা ছাড়া এভাবে বাস বন্ধ হওয়ায় তিনি সমস্যায় পড়েছেন।
নাসিমা আক্তার নামের এক শিক্ষার্থী জানান, বাস চলাচল বন্ধ থাকায় তিনি ঢাকায় ফিরতে পারছেন না। ছুটির পর রোববার থেকে তাঁর ক্লাস শুরু হলেও সেখানে অংশ নেওয়া সম্ভব হয়নি।
হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ বিকল্প পথে ঢাকায় যাওয়ার চেষ্টা করছেন। তবে বিকল্প যানবাহনে যাতায়াত করতে অতিরিক্ত ভাড়া লাগছে বলে জানিয়েছেন তাঁরা।
সমাধানে আলোচনায় বসছে প্রশাসন
কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরীন জানিয়েছেন, বাস চলাচল বন্ধের বিষয়টি সমাধানে রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে।
তবে এ বিষয়ে ঢাকার পরিবহন মালিকদের বক্তব্য জানা যায়নি।
এদিকে, কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল বন্ধ থাকলেও কিশোরগঞ্জ থেকে ভৈরব হয়ে ঢাকার গোলাপবাগ রুটে অনন্যা সুপার ও যাতায়াত পরিবহনের বাস চলাচল অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
প্রতিবেদকের নাম 





















