মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশি নাগরিকদের মুক্ত করতে দেশটির সরকারের সঙ্গে আলোচনা চালাবে বাংলাদেশ সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মালয়েশিয়া সফরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, আইনগত সীমার মধ্যে থেকে আটক বাংলাদেশিদের সহায়তায় সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।
তিনি বলেন, মালয়েশিয়ায় বর্তমানে দুই হাজারের বেশি বাংলাদেশি বিভিন্ন কারণে আটক রয়েছেন। তাদের মুক্তির বিষয়টি নিয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করা হবে।
আগামীকাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আইনের ভেতরে থেকে যতটুকু সুবিধা আদায় করা সম্ভব, সরকার সেটিই করার চেষ্টা করবে।”
প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “যে দেশে অবস্থান করছেন, সে দেশের আইন মেনে চললে নানা জটিলতা এড়ানো সম্ভব।”
এছাড়া মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শ্রমবাজার সম্প্রসারণে সরকার কাজ করছে বলে জানান তিনি।
সফরে শ্রমিকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর, ভাষা শিক্ষা ও আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।
এ সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রতিবেদকের নাম 




















