সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে বাংলাদেশকে জাপান-নির্মিত ৩৫ মিটার শ্রেণির একটি টহল জাহাজ দেবে জাপান। এ লক্ষ্যে ‘সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের’ আওতায় অনুদান সহায়তা নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকায় এ চুক্তির আওতায় প্রয়োজনীয় নথিপত্রে স্বাক্ষর ও বিনিময় করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী।
ঢাকার জাপান দূতাবাস জানিয়েছে, প্রকল্পের আওতায় বাংলাদেশ কোস্ট গার্ডকে দেওয়া হবে জাপানে নির্মিত ৩৫ মিটার শ্রেণির একটি টহল জাহাজ। এর মাধ্যমে সামুদ্রিক অপরাধ দমন এবং প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনায় কোস্ট গার্ডের সক্ষমতা বাড়বে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফরকালে চুক্তিটি স্বাক্ষরিত হয়। জাপান দূতাবাসের মতে, এই উদ্যোগ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখবে। একই সঙ্গে বাংলাদেশ ও জাপানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে।
প্রতিবেদকের নাম 




















