কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি’ (ইউবিইএসটি) নামে একটি বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সামুদ্রিক সম্পদ কাজে লাগাতে বিশেষায়িত শিক্ষা
বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় অঞ্চলে থাকা বিপুল সামুদ্রিক সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য। সমুদ্রবিজ্ঞান, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ও ব্লু ইকোনমি খাতে উচ্চশিক্ষা, গবেষণা ও ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।
এর আগে কক্সবাজারে ইউবিইএসটি প্রতিষ্ঠার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রীকে একটি আধা-সরকারি পত্র দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ১৩ সেপ্টেম্বর পাঠানো ওই চিঠিতে তিনি কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের (বিওআরআই) বিদ্যমান অবকাঠামো ও গবেষণা সুবিধা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম দ্রুত শুরু করার প্রস্তাব দেন।
বিওআরআইয়ের অবকাঠামো কাজে লাগানোর প্রস্তাব
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবে বলা হয়েছে, শুরুতেই নতুন করে বড় ধরনের অবকাঠামো নির্মাণের পরিবর্তে বিওআরআইয়ের বিদ্যমান ল্যাবরেটরি, গবেষণা সুবিধা, বৈজ্ঞানিক জনবল ও প্রশিক্ষণ পরিবেশ ব্যবহার করা যেতে পারে।
প্রাথমিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে সমুদ্রবিজ্ঞান, মৎস্য ও অ্যাকুয়াকালচার, সামুদ্রিক পরিবেশ, উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা এবং ব্লু ইকোনমি-সংশ্লিষ্ট বিষয়ে পাঠদান ও গবেষণা চালুর পরিকল্পনা রয়েছে।
এর পাশাপাশি সামুদ্রিক তথ্য, পর্যটন ও হসপিটালিটি-সংশ্লিষ্ট বিষয়েও শিক্ষা, প্রশিক্ষণ ও ইন্টার্নশিপের সুযোগ রাখা যেতে পারে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
দ্রুত কার্যক্রম শুরুর লক্ষ্য
প্রস্তাব অনুযায়ী, বিদ্যমান অবকাঠামো ব্যবহার করা গেলে শূন্য থেকে নতুন ক্যাম্পাস ও গবেষণা অবকাঠামো তৈরিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। এতে তুলনামূলক দ্রুত সময়ের মধ্যে গবেষণামুখী ও ব্যবহারিকভিত্তিক একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ইউবিইএসটি প্রতিষ্ঠিত হলে দেশের সামুদ্রিক অর্থনীতি ও ব্লু ইকোনমি খাতে দক্ষ জনবল তৈরির পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনের নতুন সুযোগ তৈরি হতে পারে।
প্রতিবেদকের নাম 



















