
চলমান বিশ্বকাপে গোলের লড়াইয়ে সমানতালে এগিয়ে চলেছেন কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি। প্রতিটি ম্যাচেই দুই তারকার গোল উৎসব ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতার চেয়ে দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ফরাসি অধিনায়ক এমবাপ্পে।
আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিকের দিনে সেনেগালের জালে জোড়া গোল করেছিলেন এমবাপ্পে। পরের ম্যাচে মেসির দুই গোলের জবাবে ইরাকের বিপক্ষেও দুইবার লক্ষ্যভেদ করেন তিনি। ফলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে দুই মহাতারকার লড়াই আরও জমে উঠেছে।
তবে ইরাকের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের পর সাংবাদিকদের এমবাপ্পে স্পষ্ট জানিয়ে দেন, মেসির পারফরম্যান্স নিয়ে আলাদাভাবে ভাবার সময় তার নেই।
তিনি বলেন, “লিও কী করছে, সেটা যদি আমি দেখতে শুরু করি, তাহলে আমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে। আমি তার দিকে মনোযোগ দিচ্ছি না। আমার লক্ষ্য শুধু দলকে সাহায্য করা এবং দলের সাফল্যে অবদান রাখা।”
সাবেক ক্লাব সতীর্থ মেসির প্রশংসা করে এমবাপ্পে বলেন, “মেসি সবসময়ই গোল করে। অতীতেও করেছে, ভবিষ্যতেও করবে। তবে আমি কেবল ভাবছি কীভাবে আমার দলকে আরও ভালোভাবে সাহায্য করা যায়।”
ইরাকের বিপক্ষে ম্যাচটি ছিল ফ্রান্সের জার্সিতে এমবাপ্পের শততম ম্যাচ। বিশ্বকাপে তার গোলসংখ্যা এখন ১৬, যা কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডের সমান। সর্বোচ্চ গোলদাতা মেসির চেয়ে তিনি বর্তমানে মাত্র দুই গোল পিছিয়ে রয়েছেন।
ইনজুরি থেকে ফিরে নিজের ফর্ম নিয়েও আশাবাদী এমবাপ্পে। তিনি বলেন, “আমি এখন খুব ভালো অনুভব করছি। জানুয়ারিতে গুরুতর চোট পাওয়ার পর শারীরিক ও মানসিকভাবে নিজেকে সেরা অবস্থায় ফিরিয়ে আনতে কঠোর পরিশ্রম করেছি। বিশ্বকাপ একজন ফুটবলারের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা সবাই জানে।”
এদিকে ফিলাডেলফিয়ায় ম্যাচ চলাকালে ঝড়ের কারণে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকায় মানসিকভাবে কঠিন সময় পার করতে হয়েছে বলেও জানান এই ফরাসি ফরোয়ার্ড। তবে দীর্ঘ বিরতির পরও দল কাঙ্ক্ষিত ফল অর্জন করায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
প্রতিবেদকের নাম 

























