আগামী বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিন দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র, মাদরাসা বোর্ডে আলিমে কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে এইচএসসি (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী অংশ নেবে। সারা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। তবে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। কেন্দ্রে প্রবেশ শুরু হবে সকাল সাড়ে ৮টা থেকে।
সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে, যেখানে ৩ লাখ ৩৯৩ জন শিক্ষার্থী ৩১০টি কেন্দ্রে পরীক্ষা দেবে। এছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৮৩০, দিনাজপুরে ১ লাখ ১৩ হাজার ৪৭৯, যশোরে ১ লাখ ১৭ হাজার ২১০, চট্টগ্রামে ৯৯ হাজার ৬৮৮, কুমিল্লায় ৯৪ হাজার ৮০২, সিলেটে ৭১ হাজার ৭১১, ময়মনসিংহে ৭৩ হাজার ৩৭ এবং বরিশালে ৫৮ হাজার ৬৬৪ পরীক্ষার্থী অংশ নেবে। মাদরাসা বোর্ডে ৯২ হাজার ৯০৫ এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ পরীক্ষার্থী রয়েছে।
পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে শিক্ষা বোর্ডগুলো কঠোর নির্দেশনা দিয়েছে। প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক থাকবেন এবং প্রতিটি কক্ষে কমপক্ষে দুইজন পরিদর্শক দায়িত্ব পালন করবেন। প্রশ্নপত্র ট্রেজারি থেকে পুলিশি নিরাপত্তায় কেন্দ্রে আনা হবে এবং নির্ধারিত সেট কোড পাওয়ার পরই খোলা যাবে।
এবার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা চালু রাখা বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষা বোর্ডগুলো সার্বক্ষণিক অনলাইনে কেন্দ্রগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করবে। নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ড একটি বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য ফোন নম্বর ০২-২২৩৩৬৯৮১৫ এবং মোবাইল নম্বর ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩ ও ০১৭৫৬১০৩১৫২ নির্ধারণ করা হয়েছে।
প্রতিবেদকের নাম 




















