সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
সোমবার (২০ জুলাই) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এতে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
২১ জুলাই থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও প্রায় একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। অধিকাংশ বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
২২ জুলাইয়ের পূর্বাভাসেও খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাসহ দেশের অন্যান্য বিভাগের অনেক এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে কিছু এলাকায় ভারি বর্ষণ হতে পারে।
২৩ ও ২৪ জুলাইও দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিন পরও দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই ভারি বৃষ্টিপ্রবণ এলাকায় বসবাসকারী মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিবেদকের নাম 





















