গাজায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বলে কেউ কেউ দাবি করলেও অবরুদ্ধ উপত্যকাটিতে এখনো মানবিক সহায়তা পৌঁছানোর পথ উন্মুক্ত হয়নি বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। গাজার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার জন্য সবার লজ্জা হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট।
ম্যাক্রোঁ প্রশ্ন রাখেন, গাজা ইস্যুতে যদি আমরা নিষ্ক্রিয় থাকি, তাহলে আমাদের বিশ্বাসযোগ্যতার মূল্য কী?
গাজার পরিস্থিতিকে ‘লজ্জাজনক’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সবারই লজ্জা হওয়া উচিত।’ এ সময় অধিবেশনে উপস্থিত প্রতিনিধিরা করতালি দিয়ে তাঁর বক্তব্যকে স্বাগত জানান।
জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ম্যাক্রোঁ আরও বলেন, ফিলিস্তিনিদের ‘অস্তিত্বের’ বৈধ অধিকার নিশ্চিত করা ইসরায়েলের নিরাপত্তাসহ সামগ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠার পূর্বশর্ত।
ফরাসি প্রেসিডেন্ট বলেন, যারা মনে করেন ইসরায়েলের নিরাপত্তার জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন করা প্রয়োজন, তারা প্রকৃতপক্ষে ইসরায়েলের নিরাপত্তাকেই দুর্বল করছেন। আজ ও ভবিষ্যতে তারাই ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছেন।
ম্যাক্রোঁ তাঁর ভাষণে পশ্চিম তীরের পরিস্থিতির কথাও তুলে ধরেন। সেখানে আইন লঙ্ঘনের বিভিন্ন ঘটনা ঘটছে উল্লেখ করে তিনি বলেন, অথচ পশ্চিম তীরে হামাস কখনোই সক্রিয় ছিল না।
তিনি বলেন, এখন প্রয়োজন ফিলিস্তিনিদের বৈধ অধিকারের প্রতি সম্মান প্রদর্শন।
প্রতিবেদকের নাম 

























