ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনসহ দেশের অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ও সার্বিক প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর নির্বাচন ভবনে কমিশনের ১৩তম সভাটি অনুষ্ঠিত হবে।
রোববার (১১ অক্টোবর) নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহ্ আলম বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সভায় নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
ইসি সূত্রে জানা গেছে, সভার আলোচ্যসূচিতে স্থানীয় সরকার নির্বাচন এবং সারা দেশে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা ও সময় নির্ধারণের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। এ ছাড়া স্থানীয় সরকার পরিষদগুলোর বিভিন্ন পর্যায়ের নির্বাচন নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
বৈঠকে জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম আরও গতিশীল করতে কর্মকর্তাদের মধ্যে ক্ষমতা অর্পণ ও বণ্টনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এ ছাড়া নির্বাচন কমিশনের পার্সোনালাইজেশন সেন্টারে এনআইডি কার্ড ছাপানো ও ব্যবস্থাপনায় ব্যবহৃত যন্ত্রপাতির বর্তমান অবস্থা, রক্ষণাবেক্ষণ এবং বকেয়া কার্ড ছাপানোর কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়গুলো আলোচনায় থাকবে। একই সঙ্গে বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনের লক্ষ্যে গঠিত বিশেষজ্ঞ কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
সভায় ‘জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫’-এর খসড়া প্রস্তাব অনুমোদন এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
ইসির এ বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা ও সময়সূচি নিয়ে কী সিদ্ধান্ত আসে, সেদিকে সংশ্লিষ্ট মহলের নজর থাকবে।
প্রতিবেদকের নাম 






















