জাতীয় ছাত্রশক্তির ঢাকা মহানগর দক্ষিণ শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন নাঈম আবেদীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইমরান ভূঁইয়া তাসকিন। আগামী এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।
সোমবার (২০ অক্টোবর) রাতে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে নতুন কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
নবনিযুক্ত সভাপতি নাঈম আবেদীন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। ২০২৪ সালের আগস্টে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অর্গানাইজিং উইংয়ের দায়িত্ব পালন করেন। পরে সংগঠনটির ১৮ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের প্রতিষ্ঠাতা জ্যেষ্ঠ সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন নাঈম আবেদীন। পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে জাতীয় ছাত্রশক্তির আত্মপ্রকাশের পর তিনি সংগঠনটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পান।
অন্যদিকে, নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ইমরান ভূঁইয়া তাসকিন জুলাই গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে নেতৃত্ব দেন।
নতুন কমিটিকে আগামী এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। নির্ধারিত সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশনা থাকায় পরবর্তী সময়ে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার পূর্ণাঙ্গ নেতৃত্বও নির্ধারিত হবে।
প্রতিবেদকের নাম 




















