ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো মোহাম্মদ আক্কাস মিয়ার যমজ ছেলে মো. হুজাইফা ও মো. আকরাম। তাঁদের বাবা সৌদি আরবপ্রবাসী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে দুই ভাই বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল। এ সময় তাদের একটি বল পুকুরের পানিতে পড়ে যায়। বলটি তুলতে গিয়ে এক ভাই পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে অপর ভাইও পানিতে নামে। পরে সাঁতার না জানায় দুজনই পুকুরের পানিতে ডুবে যায়।
দীর্ঘক্ষণ শিশুদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুরের দিকে পুকুর থেকে দুই ভাইকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি তাদের মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
প্রতিবেদকের নাম 




















