
হজযাত্রীদের কাছ থেকে কোরবানির টাকা নিয়েও তা নিশ্চিত না করা এবং চুক্তি অনুযায়ী আবাসন, খাবার ও পরিবহনসেবা দিতে ব্যর্থ হওয়ায় আল মুলতাজিম হজ্জ কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসকে এক লাখ টাকা জরিমানা করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে প্রাক্-নিবন্ধনের টাকা সময়মতো ফেরত না দেওয়ায় ডিবিএইচ ইন্টারন্যাশনালকে সতর্ক করা হয়েছে।
গত ১৪ অক্টোবর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-৪ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আল মুলতাজিম ট্রাভেলসের বিরুদ্ধে ১৪ জন হজযাত্রী লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, এজেন্সিটি ২ হাজার ২০০ হজযাত্রীর কাছ থেকে কোরবানির জন্য জনপ্রতি ৭২০ সৌদি রিয়াল, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ৬৫২ টাকা করে সংগ্রহ করে। তবে নুসুক মাসার পোর্টালের তথ্য অনুযায়ী, তামাত্তু হজে নিবন্ধিত ২ হাজার ৭৭ জনের মধ্যে মাত্র ১ হাজার ৩৫০ জনের কোরবানি নিশ্চিত করা হয়। বাকি ৭২৭ জনকে ‘রোজাদার’ হিসেবে দেখিয়ে ভুয়া তথ্যের মাধ্যমে কোরবানি নিশ্চিত না করেই অর্থ আত্মসাতের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগকারীরা পরে লিখিতভাবে অভিযোগ প্রত্যাহার করলেও তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। তদন্তে দেখা যায়, নুসুক পোর্টাল কিংবা অন্য কোনো মাধ্যমে বাকি হজযাত্রীদের কোরবানি নিশ্চিত করেনি এজেন্সিটি। পাশাপাশি চুক্তি অনুযায়ী আবাসন, খাবার ও পরিবহনসেবা দেওয়ার প্রতিশ্রুতিও পূরণ করতে পারেনি।
এসব অনিয়মের কারণে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী এজেন্সিটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে এজেন্সিটির ইউজার আইডি ও পাসওয়ার্ড স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।
অন্যদিকে, প্রাক্-নিবন্ধনের টাকা ফেরত না দেওয়ার অভিযোগে ডিবিএইচ ইন্টারন্যাশনালের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ করেন দুই হজযাত্রী। তারা ২০২২ সালে হজে যাওয়ার জন্য প্রাক্-নিবন্ধন করেন। তিন বছর পর নিবন্ধন আর্কাইভ হয়ে গেলে ২০২৬ সালে পুনরায় প্রাক্-নিবন্ধন করেন। পরে আর্থিক সংকটের কারণে হজে যেতে অপারগতা জানিয়ে জমা দেওয়া টাকা ফেরত চান তারা। এজেন্সিটি নিবন্ধন বাতিল করলেও দীর্ঘদিন টাকা ফেরত দেয়নি।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী সময়ে ভুক্তভোগীরা টাকা ফেরত পেয়ে অভিযোগ প্রত্যাহার করেন। তবে নির্ধারিত সময়ে টাকা না পাওয়ায় তাঁদের উল্লেখযোগ্য ভোগান্তি পোহাতে হয়েছে। এ ঘটনায় ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী ডিবিএইচ ইন্টারন্যাশনালকে ভবিষ্যতে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবেদকের নাম 




















