আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬৩৫ কোটি মার্কিন ডলার বা ১ ট্রিলিয়ন জাপানি ইয়েন বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। দেশটির বেসরকারি খাতের মাধ্যমে এই বিনিয়োগ করা হতে পারে। জাপানের আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে আসন্ন দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলনে যৌথ ঘোষণার মাধ্যমে এ অর্থনৈতিক অংশীদারত্বের পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে।
এই উদ্যোগের লক্ষ্য দুই দেশের বাণিজ্যিক সহযোগিতা জোরদার করা এবং বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান শিল্প ও বিনিয়োগ কেন্দ্রে পরিণত করা।
যেসব খাতে বিনিয়োগের পরিকল্পনা
জাপানের সম্ভাব্য বিনিয়োগের আওতায় রয়েছে অটোমোবাইল ও উৎপাদনশিল্প, বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সম্প্রসারণ।
অটোমোবাইল ও উৎপাদন খাতে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং দেশে যানবাহনশিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে অবকাঠামোর আধুনিকায়ন এবং নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হতে পারে।
এ ছাড়া জাপানি বাণিজ্যিক প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশনসহ সংশ্লিষ্ট অংশীদারদের উদ্যোগে গড়ে ওঠা বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে নতুন জাপানি প্রতিষ্ঠানের কারখানা ও ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
নিক্কেই এশিয়া জানিয়েছে, বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের বিষয়েও অগ্রগতি হচ্ছে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, পাঁচ বছর মেয়াদি এই বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন ও বৈদেশিক সরাসরি বিনিয়োগ (এফডিআই) প্রবাহে ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে পরিকল্পনাটির বাস্তবায়ন নির্ভর করবে আনুষ্ঠানিক ঘোষণা ও পরবর্তী পদক্ষেপের ওপর।
প্রতিবেদকের নাম 





















