
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া উচিত এবং প্রয়োজন। গত ১৭ বছর নির্বাচন সুষ্ঠু হয়নি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, কোনো ব্যক্তি অর্থশালী বা বিত্তবান না হলেও তাঁর জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা থাকলে তাঁকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত। এ জন্য নির্বাচন কমিশনকে এমন একটি পদ্ধতি নির্ধারণ করতে হবে, যাতে সাধারণ মানুষও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান।
নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা নেই বলে তিনি মনে করেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এমন পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব ছিল না। তাই এখন নির্বাচনি ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন।
ভোলার খনিজ গ্যাসের সম্ভাবনা তুলে ধরে স্পিকার বলেন, জেলায় পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাস রয়েছে। এর মজুতের পরিমাণ দেশের বর্তমান গ্যাসের মজুতের সমান বলে দেখা যাচ্ছে। ভোলায় আরও গ্যাসের ভান্ডার থাকার সম্ভাবনাও রয়েছে।
তিনি বলেন, ভোলার সাধারণ মানুষের গ্যাস প্রয়োজন। দীর্ঘদিন ধরে জেলাবাসী এ নিয়ে কষ্ট করছেন। গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার এবং দীর্ঘদিনের দাবি। এ বিষয়ে তিনি জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।
নিজ নির্বাচনি এলাকা লালমোহন-তজুমদ্দিনে তিন দিনের সফর শেষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশ্যে ভোলা ত্যাগ করেন স্পিকার।
প্রতিবেদকের নাম 





















