সাভারের আমিনবাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ল্যান্ডফিল থেকে ৮০০ লিটার সরকারি ডিজেল পাচারের চেষ্টার অভিযোগে আল-আমিন (৩৪) নামে এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। এ সময় তেলভর্তি ট্রাকটিও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর সেতু-সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়।
আটক আল-আমিন বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঘটকেরচর গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে। তিনি রাজধানীর মিরপুর-১-এর গোদারঘাট এলাকায় ভাড়া বাসায় থাকেন। পেশায় তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আবর্জনাবাহী ড্রাম ট্রাকের চালক।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় নিয়মিত তল্লাশির সময় ৪০টি কনটেইনারবোঝাই একটি ট্রাকের গতিরোধ করা হয়। পরে তল্লাশি করে ট্রাকটিতে ৮০০ লিটার ডিজেল পাওয়া যায়। সরকারি এই তেল পাচারের অভিযোগে ট্রাক ও তেল জব্দ করে চালককে আটক করা হয়।
সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাকির আল আহসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক তেল পাচারের কথা স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, আমিনবাজারের ল্যান্ডফিল থেকে ডিজেল নিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি চোরাই তেল চক্রের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তিনি যাচ্ছিলেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
প্রতিবেদকের নাম 
























