সৌদি আরবের পূর্বাঞ্চলে কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর ও শায়বাহ তেলক্ষেত্র ঘিরে পৃথক হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই বাংলাদেশিসহ ১০ জন। নিহতদের মধ্যে একজন ভারতীয়, একজন সৌদি নাগরিক, একজন ফিলিপাইনের এবং একজন নেপালের নাগরিক।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুজন নিহত ও আটজন আহত হন। একই দিন শায়বাহ তেলক্ষেত্র লক্ষ্য করে আসা একটি ড্রোন সৌদি প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করার পর এর ধ্বংসাবশেষ পড়ে আরও দুজন নিহত এবং দুজন আহত হন।
দাম্মাম বিমানবন্দরে দুই বাংলাদেশি আহত
দাম্মাম বিমানবন্দরে নিহত দুজনের একজন সৌদি নাগরিক এবং অন্যজন ভারতীয় প্রবাসী। আহত আটজনের মধ্যে রয়েছেন দুই বাংলাদেশি, দুই ভারতীয়, দুই ইয়েমেনি, একজন নেপালি ও একজন সৌদি নাগরিক। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
আহত দুই বাংলাদেশি হলেন কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর থানার গোবিগল্লপপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম।
বৃহস্পতিবার বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের পরিচয় জানানো হয়। তাঁরা বর্তমানে দাম্মামের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলায় বিমানবন্দরের অবকাঠামোরও ক্ষতি হয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান চলাচল আবার স্বাভাবিক হয়েছে।
শায়বাহ তেলক্ষেত্রে ড্রোন প্রতিহত
অন্যদিকে, শায়বাহ তেলক্ষেত্র লক্ষ্য করে আসা একটি ড্রোন প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষ পড়ে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন ধরে যায়। এ ঘটনায় ফিলিপাইন ও নেপালের একজন করে নাগরিক নিহত হন। আহত দুজনের একজন পাকিস্তানি এবং অন্যজন ভারতীয় নাগরিক।
সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় তেলক্ষেত্রের কার্যক্রম ব্যাহত হয়নি।
এদিকে, বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন জোটের এক মুখপাত্র জানিয়েছেন, রিয়াদ ও মদিনা অঞ্চলের দিকে আসা চারটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। তবে দাম্মাম বিমানবন্দরে সর্বশেষ হামলাটি কারা চালিয়েছে, সে বিষয়ে কর্তৃপক্ষ নির্দিষ্ট করে কিছু জানায়নি।
প্রতিবেদকের নাম 





















