
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে স্থানীয় এক ব্যক্তিসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে মানবপাচারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অন্য দুজন যশোরের বাসিন্দা।
বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা বিওপির আরমান ছড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মো. আমির, যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকার মো. আবুল হোসেন এবং শার্শা উপজেলার বেনাপোল এলাকার ফাতেমা।
বিজিবি জানায়, আটক দুই ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় বাসিন্দা আমির অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় দালালদের কাছে পৌঁছে দিতেন। ঘটনার দিনও তিনি তাঁদের অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে নেওয়ার চেষ্টা করছিলেন। আটক দুজনের ভারতে আত্মীয়স্বজন থাকায় তাঁরা অবৈধভাবে দেশটিতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে বিজিবি।
এ সময় অনিক মিয়া ও আলাউদ্দিন নামের স্থানীয় দুই দালাল পালিয়ে যান।
বিজিবি আরও জানায়, অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আটক তিনজনকে দোয়ারাবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রতিবেদকের নাম 



















