
“বগুড়ায় বড় উন্নয়ন প্রকল্পের ঘোষণা, নদী খনন ও রেলপথ উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী”
বগুড়ার উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে। করতোয়া নদী খনন এবং সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করতে জেলায় আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। চলতি সপ্তাহের শেষ দিকে অথবা চলতি মাসের শেষ ভাগে তার এ সফর হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বগুড়া করতোয়া কনভেনশন সেন্টারে দৈনিক বগুড়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বগুড়ার সার্বিক উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পেয়েছে। জেলার সাতটি সংসদীয় আসনে সমানভাবে এ প্রকল্পের বরাদ্দ বণ্টন করা হবে। পাশাপাশি বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিষয়টিও জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষের প্রস্তাবটি পাস হলে জেলায় নতুন কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরি হবে। জেলার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়। বগুড়ার উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মীর শাহে আলম বলেন, বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক। এ জেলার দীর্ঘদিনের উন্নয়ন ঘাটতি পূরণে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বগুড়ার মানুষকে প্রধানমন্ত্রী হৃদয়ে ধারণ করেন। তবে উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, তাই সবাইকে ধৈর্য ধরতে হবে। উন্নয়ন তার নিজস্ব গতিতেই এগিয়ে যাবে।
বগুড়ার সাংবাদিকতার ঐতিহ্যের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের সাংবাদিকতার ক্ষেত্রে এ জেলার রয়েছে বিশেষ অবস্থান। সাংবাদিকতায় বগুড়া অত্যন্ত সমৃদ্ধ একটি জনপদ।
দৈনিক বগুড়ার প্রকাশক ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, নানা প্রতিকূলতা ও চড়াই-উতরাই পেরিয়ে দৈনিক বগুড়া এখনো সুনামের সঙ্গে প্রকাশনা অব্যাহত রেখেছে। জেলার উন্নয়নে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্যের কোনো বিকল্প নেই। ছোটখাটো বিষয় নিয়ে বিভক্তির কারণে নিজেরাই বগুড়ার উন্নয়ন বাধাগ্রস্ত করছি। বৃহত্তর স্বার্থে এসব বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাসানাত আলী, বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
এ ছাড়া অনুষ্ঠানে বগুড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক কালাম আজাদ উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 





















