আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রয়োজনে সংবিধান সংশোধন করে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন।
তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এখনই মোক্ষম সময়। সামনে সংসদ অধিবেশন বসবে। আশা করি, সেই অধিবেশনে সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়ায় সরকারি ও বিরোধী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হবে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘আওয়ামী লীগ, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক সভাটির আয়োজন করে ন্যাশনাল লেবার পার্টি (এনএলপি)।
আলোচনা সভায় রাশেদ খাঁন অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও আওয়ামী লীগ দেশজুড়ে সন্ত্রাসী তৎপরতা, অগ্নিসংযোগ ও সহিংসতা চালাচ্ছে। গোপালগঞ্জে হামলা ও হাসপাতালে ভাঙচুরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনেও উঠে এসেছে, বিএনপি সরকারকে অস্থিতিশীল ও ব্যর্থ করতে আওয়ামী লীগ এসব জ্বালাও-পোড়াও শুরু করেছে।
নিজের ব্যক্তিগত মত তুলে ধরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট জনতার আদালতে আওয়ামী লীগের বিচার হয়ে গেছে। জনগণ রায় দিয়ে দিয়েছে, বাংলার মাটিতে দলটির আর রাজনীতি করার অধিকার নেই।
জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের বিল উত্থাপনের দাবি জানিয়ে তিনি বলেন, এখন এ বিষয়ে জনমত তৈরি হয়েছে। সেই জনমত কাজে লাগিয়ে সাংবিধানিক প্রক্রিয়ায় দলটিকে নিষিদ্ধ করতে হবে, যাতে ভবিষ্যতে এ নিয়ে আর কোনো প্রশ্ন না থাকে।
সীমান্তের ওপারে বসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতারা ষড়যন্ত্র ও বৈঠক করছেন বলেও অভিযোগ করেন রাশেদ খাঁন। তিনি বলেন, ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।
ডিসেম্বরের মাঝামাঝি সীমান্ত দিয়ে শেখ হাসিনাকে ‘পুশ-ইন’ করার এবং এর সুযোগে ভারতের জাতীয় পরিচয়পত্র বাতিল হওয়া নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চক্রান্ত চলছে—গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের প্রসঙ্গ টেনে তিনি সীমান্তবর্তী এলাকার মানুষ ও গ্রামবাসীকে সীমান্তে পাহারা বসানোর আহ্বান জানান।
রাশেদ খাঁন বলেন, ‘আমরা ভারতের সঙ্গে মর্যাদার সম্পর্ক চাই, যুদ্ধ নয়, শান্তি চাই।’ তবে বাংলাদেশের মানুষ ভারতের আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। একাত্তর, নব্বই এবং চব্বিশের রক্তক্ষয়ী অভ্যুত্থানের ইতিহাস ভুলে গিয়ে বড় রাষ্ট্র হিসেবে কেউ কিছু চাপিয়ে দিতে চাইলে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের নাশকতা ও বিদেশি আগ্রাসন মোকাবিলায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে রাশেদ খাঁন জানান, প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বানে সাড়া দিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারি ও বিরোধী দলের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকা স্বাভাবিক। তবে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম ও হত্যাযজ্ঞ বন্ধের প্রশ্নে কোনো ভিন্নমত থাকতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে সমালোচনার জবাবে রাশেদ খাঁন দাবি করেন, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালালে সেই সুযোগে আওয়ামী লীগের কর্মীরা পাঁচশ সাধারণ মানুষকে হত্যা করে আন্তর্জাতিক মহলে সরকারকে দায়ী করার ফাঁদ পেতেছিল। সরকার সেই ফাঁদে পা দেয়নি বলেও দাবি করেন তিনি।
একই সঙ্গে আম-জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমানসহ সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, সরকারে থাকার কারণে তাঁদের অনেক কথা সহ্য করতে হচ্ছে। এখন বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার সময়।
বক্তব্যের শেষাংশে গণমাধ্যম ও টক শোর আলোচকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান রাশেদ খাঁন। তিনি প্রশ্ন তোলেন, আইনগতভাবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের তৎপরতা এবং গোপালগঞ্জের সহিংসতার খবর কৌশলে প্রচার বা সরাসরি সম্প্রচার করা সাংবাদিকতার নৈতিকতার মধ্যে পড়ে কি না।
এ ছাড়া আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করেন—এমন ব্যক্তিদের সঙ্গে কোনো টক শোতে অংশ না নেওয়ার বিষয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২-দলীয় জোটের সমন্বয়ক লায়ন মো. ফারুক রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাইনুল ইসলাম, জাতীয় পার্টির (কাজী জাফর) কো-চেয়ারম্যান আহসান হাবিব লিংকন, আম-জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমানসহ ১২-দলীয় জোটের শীর্ষ নেতারা।
প্রতিবেদকের নাম 




















