কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় আরও একজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসআরবি-১১, সিপিসি-২-এর কুমিল্লা ক্যাম্পের এক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
আটক ব্যক্তির নাম মো. আনাস। তবে তার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসআরবির ওই কর্মকর্তা।
নিখোঁজের পর উদ্ধার মরদেহ
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান এবং কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, সেদিন বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর সে আর বাসায় ফেরেনি। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
তদন্তে আটক আরও একজন
এ ঘটনায় এর আগে তুহিন নামে আরও একজনকে আটক করে পুলিশ। প্রাথমিকভাবে আইফোন নেওয়ার উদ্দেশ্যে অপ্রতিমকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত করতে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
প্রতিবেদকের নাম 


























