প্রায় ১০ বছর পর অস্ট্রেলিয়ার মঞ্চে ফিরছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। দীর্ঘ বিরতির পর দেশটিতে দুটি একক কনসার্টে অংশ নিতে ইতোমধ্যে তিনি ঢাকা ছেড়ে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। তার সঙ্গে রয়েছেন নিয়মিত পারফর্ম করা একদল সংগীতশিল্পী।
সফরের প্রথম কনসার্ট অনুষ্ঠিত হবে আগামীকাল (১ আগস্ট) সন্ধ্যায় সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টার-এ। এরপর ৮ আগস্ট মেলবোর্নের রিসাইটেল সেন্টার-এ দ্বিতীয় কনসার্টে অংশ নেবেন তিনি। দুই আয়োজনেই ভক্তদের জন্য পরিবেশন করবেন তার কণ্ঠে জনপ্রিয় হয়ে ওঠা কালজয়ী সব গান।
আগামী ১৭ নভেম্বর ৭৪ বছরে পা দেবেন রুনা লায়লা। তবে বয়সকে যেন হার মানিয়েছেন তিনি। এর প্রমাণ মিলেছে গত ২৪ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত তার একক সংগীতানুষ্ঠানে। সেদিন টানা ১১টি গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন এই বরেণ্য শিল্পী।
রুনা লায়লার অস্ট্রেলিয়া সফর ঘিরে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। বহু বছর পর প্রিয় শিল্পীকে সরাসরি মঞ্চে দেখার অপেক্ষায় রয়েছেন সিডনি ও মেলবোর্নের সংগীতপ্রেমীরা।
অস্ট্রেলিয়া সফর নিয়ে রুনা লায়লা বলেন,
“বহু বছর পর অস্ট্রেলিয়ায় এলাম, প্রায় এক দশক পর। সবকিছু মিলিয়ে ভীষণ ভালো লাগছে। দুই শোতে যে গানগুলো গাইব, সেগুলোর অনুশীলনও শেষ করেছি। আশা করছি সিডনি ও মেলবোর্নে প্রবাসী বাংলাদেশি ভাইবোনদের সঙ্গে দারুণ সময় কাটবে। আমার গানে মুখরিত হবে পুরো আয়োজন। আমাকে এখানে নিয়ে আসার জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ।”
তিনি জানান, ৮ আগস্ট মেলবোর্নের কনসার্ট শেষে আরও তিন দিন অস্ট্রেলিয়ায় অবস্থান করবেন। এরপর পুরো টিমসহ ১২ আগস্ট দেশে ফিরবেন।
প্রতিবেদকের নাম 


























