সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছে আর্জেন্টিনা। দেশটির সাবেক অধিনায়ক ও কিংবদন্তি মিডফিল্ডার আন্তোনিও উবালদো রাট্টিনের মৃত্যুতে এই শ্রদ্ধা জানায় আলবিসেলেস্তেরা।
শনিবার (১১ জুলাই) ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাট্টিন। তার স্মরণে ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের খেলোয়াড়রা এক মিনিট নীরবতা পালন করেন।
রাট্টিন আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্সের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে পরিচিত। মাত্র ১৯ বছর বয়সে ক্লাবটির মূল দলে অভিষেকের পর টানা ১৫ বছর খেলেছেন তিনি। বোকা জুনিয়র্সের হয়ে ৩৮২টি ম্যাচে মাঠে নেমে প্রতিটি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন। তার নেতৃত্বে ক্লাবটি ১৯৬২, ১৯৬৪ ও ১৯৬৫ সালের লিগ শিরোপা এবং ১৯৬৯ সালের কোপা আর্জেন্টিনা জেতে।
জাতীয় দলের হয়েও দীর্ঘ এক দশক আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেন রাট্টিন। ১৯৫৯ থেকে ১৯৬৯ সালের মধ্যে তিনি ২১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন। অংশ নেন ১৯৬২ সালের চিলি বিশ্বকাপ ও ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপে। এছাড়া কোপা আমেরিকাতেও দেশের হয়ে খেলেছেন এবং জাতীয় দলের জার্সিতে একটি গোল করেন।
তবে ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ঘটনাই তাকে ফুটবল ইতিহাসে আলাদাভাবে স্মরণীয় করে রেখেছে। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে জার্মান রেফারি রুডলফ ক্রাইটলাইনের সিদ্ধান্তে মাঠ ছাড়তে অস্বীকৃতি জানিয়ে প্রায় ১০ মিনিট মাঠে অবস্থান করেন তিনি। সে সময় ফুটবলে লাল ও হলুদ কার্ডের প্রচলন ছিল না।
মাঠ ছাড়ার সময় কর্নার ফ্ল্যাগে থাকা ব্রিটিশ পতাকা স্পর্শ করা এবং পরে রাজকীয় অতিথিদের জন্য সংরক্ষিত লাল কার্পেটে বসে পড়ার ঘটনাটি বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ফুটবল ইতিহাসবিদদের অনেকের মতে, পরবর্তীতে ১৯৭০ বিশ্বকাপ থেকে লাল ও হলুদ কার্ড চালুর পেছনে এই ঘটনাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
প্রতিবেদকের নাম 




















