গোপালগঞ্জ জেলা কারাগারে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের জন্য নেওয়া খাবার ছিনিয়ে নিয়ে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপনের অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। এ ঘটনায় ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামে প্রচারিত সংবাদকে বিভ্রান্তিকর বলে দাবি করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
শুক্রবার (২০ নভেম্বর) বাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তা রক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনরত সদস্যদের জন্য খাবার সরবরাহ করতে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সিভিল স্টাফ খাবার নিয়ে যাওয়ার সময় পথে বিভিন্ন বাধা ও প্রতিকূলতার মুখে পড়েন।
এতে আরও বলা হয়, একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত খাবার বহনকারী ব্যক্তিদের জিম্মি করে এবং ভয়ভীতি দেখিয়ে খাবার ছিনিয়ে নেয়। পরে ওই খাবার বহনের ভিডিও ধারণ করে ঘটনাটিকে নিজেদের কর্মকাণ্ড হিসেবে প্রচার করা হয়। একই সঙ্গে আনসার সদস্যদের খাবার সরবরাহের বিষয়টিকে রাজনৈতিকভাবে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের চেষ্টা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামে কিছু গণমাধ্যমে প্রচারিত তথ্য প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ঘটনার বাস্তব প্রেক্ষাপট আড়াল করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে। খাবার সরবরাহের সঙ্গে জড়িত কর্মীকে জিম্মি করা, ভয়ভীতি দেখানো এবং পরিস্থিতির সুযোগ নিয়ে ভিডিও ধারণের ঘটনাকে উদ্দেশ্যপূর্ণ রাজনৈতিক প্রচার হিসেবে উল্লেখ করে বাহিনীটি একে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দাবি, প্রতিকূল পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের জন্য খাবার সরবরাহের ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বাহিনীটি সংশ্লিষ্ট সবাইকে তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের অনুরোধ জানিয়েছে।
প্রতিবেদকের নাম 

























