নরসিংদীর মনোহরদীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে রাস্তার গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে মিজান মিয়া (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিজান মিয়া বড়চাপা পূর্বপাড়া গ্রামের সফুর উদ্দিনের ছেলে। তিনি বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছিলেন। অভিযুক্ত জীবন মিয়া একই এলাকার বাসিন্দা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহর ছেলে।
স্বজনদের বরাতে জানা গেছে, বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে মিজান মিয়া ও তার চাচা শহীদুল্লাহর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশ হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি।
শনিবার দুপুরে ওই রাস্তার একটি গাছ কাটতে গেলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জীবন মিয়া লাঠি দিয়ে মিজান মিয়ার মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি ঘটনাস্থলে গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, চাচা-ভাতিজার মধ্যে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রতিবেদকের নাম 






















