মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অনিশ্চিত হয়ে ওঠায় অঞ্চলটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস এক নিরাপত্তা বার্তায় জানায়, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কারণে পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে।
দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, সম্ভাব্য ফ্লাইট বাতিল, বিলম্ব কিংবা আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতির জন্য নাগরিকদের প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ডে দেখা গেছে, দেশটি কোনো পূর্ব সতর্কতা বা উসকানি ছাড়াই হামলার সিদ্ধান্ত নিতে পারে। এছাড়া আগে যেসব এলাকা হামলার লক্ষ্য ছিল না, সেসব স্থানেও হামলার ঝুঁকি তৈরি হয়েছে। এ কারণে তেহরানের পদক্ষেপকে ‘অনিশ্চিত’ হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র।
দূতাবাস আরও জানিয়েছে, অতীতে কোনো দেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যবসাপ্রতিষ্ঠান হামলার শিকার না হলেও, ভবিষ্যতেও নিরাপদ থাকবে—এমনটি ধরে নেওয়া উচিত নয়। তাই মধ্যপ্রাচ্যের সব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বদা সতর্ক থাকতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই সতর্কবার্তা জারি করা হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।
প্রতিবেদকের নাম 




















