বাহরাইনকে লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, মার্কিন বাহিনী ড্রোন দুটি ভূপাতিত করেছে। এতে কেউ হতাহত হয়নি, পাশাপাশি কোনো স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়নি।
একই সঙ্গে শুক্রবার সকালে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি ‘আগাম সতর্কতামূলক রাডার’ স্থাপনায় হামলার বিষয়ে আইআরজিসির দাবিও নাকচ করেছে সেন্টকম। এ বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে জানানো হবে বলে জানিয়েছে মার্কিন সামরিক কমান্ড।
এদিকে, হরমুজ প্রণালির পূর্ব দিকে মাইনে আঘাতের পর তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী একটি ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে আইআরজিসির নৌবাহিনী। একই সঙ্গে প্রণালির দক্ষিণ অংশের অননুমোদিত ও বিপজ্জনক নৌপথ ব্যবহার না করতে আবারও সতর্ক করেছে তারা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে আইআরজিসির নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, বারবার সতর্ক করার পরও জাহাজটি ওই নৌপথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। একপর্যায়ে সেটি সমুদ্রের মাইনে আঘাত করলে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।
এর আগে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দক্ষিণ ইরানের সিরিকে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার স্থাপনা ধ্বংস করে দেওয়ার দাবি করে আইআরজিসি।
এ ছাড়া হরমুজ প্রণালির ওপর দিয়ে উড়তে থাকা যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে ইরানের নৌবাহিনী। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, কোহস্তাক অঞ্চলের সিরিক উপকূলে ড্রোনটি ভূপাতিত করা হয়।
প্রতিবেদকের নাম 























