ভারতের পাঞ্জাবের উদীয়মান সংগীতশিল্পী Inder Kaur ওরফে যশিন্দর কৌরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। টানা ছয় দিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার ভোরে লুধিয়ানা এলাকার নীলো খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পাঞ্জাবজুড়ে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ মে রাতে নিজের গাড়ি নিয়ে বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ইন্দর কৌর। গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবার অপহরণের আশঙ্কা করে থানায় অভিযোগ দায়ের করে। পরে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গায়িকার পরিবারের অভিযোগ, এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে সুখবিন্দর সিং নামের এক ব্যক্তি। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে ইন্দরকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। তবে সুখবিন্দর বিবাহিত এবং সন্তানের বাবা—এ তথ্য জানার পর তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন গায়িকা। বিয়ের প্রস্তাবও সরাসরি প্রত্যাখ্যান করেন তিনি।
পরিবারের ভাষ্য অনুযায়ী, প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকেই ক্ষুব্ধ হয়ে ওঠেন সুখবিন্দর। একপর্যায়ে তিনি গায়িকাকে বিভিন্নভাবে হুমকি দিতে শুরু করেন। পরে পরিকল্পিতভাবে তাকে অপহরণ ও হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি কানাডা থেকে পরিকল্পনা করে নেপাল হয়ে গোপনে ভারতে প্রবেশ করেন। পরে সহযোগীদের নিয়ে গায়িকার গাড়ি আটকে অস্ত্রের মুখে তাকে অপহরণ করা হয়। হত্যার পর মরদেহ খালে ফেলে দিয়ে আবার কানাডায় পালিয়ে যান তিনি বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে নিহত গায়িকার পরিবার। তাদের দাবি, সময়মতো ব্যবস্থা নিলে হয়তো ইন্দর কৌরকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারে বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে।
উদীয়মান এই পাঞ্জাবি গায়িকা আঞ্চলিক গান ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় ছিলেন। তার গাওয়া একাধিক গান শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল।
প্রতিবেদকের নাম 


























