রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দিকে দু’হাত বাড়িয়ে দেওয়া এক কিশোরের নির্মল হাসির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেই কিশোর তাহসিন আব্দুল্লাহ এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
বুধবার (২৯ জুলাই) বাবা নাজমুল হককে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তাহসিন। সেখানে প্রধানমন্ত্রী তার পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যক্তিগত আগ্রহ নিয়ে কথা বলেন।
তাহসিন বর্তমানে সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী জানতে চান, বড় হয়ে সে কী হতে চায়। জবাবে তাহসিন জানায়, সে একজন সফল ব্যবসায়ী হতে চায় এবং এমন কিছু করতে চায়, যা মানুষের উপকারে আসবে।

প্রধানমন্ত্রী তার স্বপ্নের প্রশংসা করে মনোযোগ দিয়ে পড়াশোনা, নিয়মিত খেলাধুলা এবং নিজের লক্ষ্য অর্জনে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার পরামর্শ দেন। আলাপচারিতায় তাহসিন জানায়, তার প্রিয় খেলা ফুটবল। পরে প্রধানমন্ত্রী তাকে নিজের স্বাক্ষর করা একটি ফুটবলসহ বিশেষ উপহার তুলে দেন।
তাহসিনের হাসির ছবির পেছনে রয়েছে এক বেদনাদায়ক স্মৃতি। ২০২৫ সালের জুলাইয়ে উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সে তার বড় বোন তাসনিয়াকে হারায়। একই স্কুলে পড়লেও দুর্ঘটনার সময় তারা দুটি ভিন্ন ভবনে ছিল। বিস্ফোরণের পর বড় বোনকে খুঁজতে ছুটে গিয়েছিল তাহসিন। সেই ঘটনার পর দীর্ঘদিন তার মুখে আগের মতো হাসি দেখা যায়নি বলে জানিয়েছে পরিবার।
সম্প্রতি আর্মি স্টেডিয়ামের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার মুহূর্তে তাহসিনের উচ্ছ্বসিত হাসির ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ছবির পেছনের হৃদয়বিদারক গল্প জানতে পেরে প্রধানমন্ত্রী তার পরিবারের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।
সাক্ষাৎ শেষে উচ্ছ্বসিত তাহসিন জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে সে খুবই আনন্দিত। এমন সুযোগ পাবে, তা কখনো কল্পনাও করেনি। সে আরও জানায়, প্রধানমন্ত্রী তার সঙ্গে পরিবারের একজনের মতো আন্তরিকভাবে কথা বলেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় ঘুরে দেখার সুযোগও পেয়েছে সে। সেখানে থাকা বিভিন্ন গাড়ি ও জাহাজের রেপ্লিকা তার ভালো লেগেছে বলেও জানায়।
এ সময় মাইলস্টোনের দুর্ঘটনায় সন্তান হারানো পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী, সহযোগী অধ্যাপক (অর্থোপেডিক) ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 




















