সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রাণী পালের ফেসবুকে প্রকাশিত একটি রিলস ভিডিওকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এ ঘটনায় সরকারি কর্মচারীদের আচরণবিধি ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নির্দেশনা লঙ্ঘিত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা প্রশাসন।
জানা গেছে, পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রাণী পাল সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি রিলস ভিডিও প্রকাশ করেন। স্কুল প্রাঙ্গণে ধারণ করা ওই ভিডিওতে তাকে শাড়ি পরে ‘আজ কেন মন উদাসী’ গানের সঙ্গে হাঁটতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও ট্রলের সৃষ্টি হয়।
তবে এ ঘটনার পর দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষক, সহকর্মী ও নানা পেশার মানুষ বিউটি রাণী পালের প্রতি সংহতি প্রকাশ করেন। অনেকেই একই গানের সঙ্গে নিজেদের ভিডিও প্রকাশ করে তার পাশে দাঁড়ান।
ফেঞ্চুগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সোহেল মোল্লা জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। তদন্ত কমিটি গঠন করে দেখা হবে, ভিডিওটি সরকারি আচরণবিধি বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা লঙ্ঘন করেছে কি না। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে।
সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশাদও জানিয়েছেন, বিষয়টি তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।
এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, তিনি ভিডিওটি দেখেননি। তবে তার মতে, গান গাওয়া নিজে কোনো অন্যায় নয়, এবং ভিডিওতে অশ্লীল কিছু থাকলে তবেই বিষয়টি ভিন্নভাবে বিবেচনা করা যেতে পারে।
অন্যদিকে, বিউটি রাণী পাল জানান, ভিডিওটি স্কুল ছুটির পর তার এক সহকর্মী ধারণ করেছেন। তিনি বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগোতে হলে সমাজের চিন্তাভাবনাও আধুনিক হতে হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষকে জানানো উচিত; সামাজিকভাবে হেনস্তা করা কাম্য নয়।
প্রতিবেদকের নাম 





















