সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে যাওয়া কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এনসিপির দাবি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন। তবে অভিযুক্ত সংগঠনগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোলাপগঞ্জ পৌর এলাকার চৌমুহনী ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।
এনসিপির অভিযোগ, কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর গোলাপগঞ্জে পৌঁছানোর পর আগে থেকে অবস্থান নেওয়া একদল ব্যক্তি বহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে কয়েকটি গাড়ির কাচ ভেঙে যায় এবং যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় ‘ভুয়া, ভুয়া’ স্লোগানও দেওয়া হয় বলে দাবি করেছে দলটি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এর আগে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে হামলার অভিযোগ এবং মৌলভীবাজারে পুলিশের বাধার মুখে পড়ার পর বৃহস্পতিবার এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছান। দক্ষিণ সুরমার পারাইচক বাইপাস এলাকায় দলীয় নেতা-কর্মীরা তাদের ফুল দিয়ে স্বাগত জানান। পরে তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) পরিদর্শন শেষে গোলাপগঞ্জের কর্মসূচিতে যোগ দিতে গেলে এ হামলার ঘটনা ঘটে বলে দাবি দলের।
এনসিপির সিলেট জেলা শাখার নেতাদের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে তাদের কর্মসূচিতে বাধা দিতেই এই হামলা চালানো হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সিলেট জেলা পুলিশের গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহ আলম বলেন, ঢিল নিক্ষেপের ঘটনায় একটি গাড়ির কাচ ভেঙেছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরকে পুলিশি নিরাপত্তায় (এসকর্ট) কানাইঘাটের উদ্দেশে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিলেট প্রতিনিধি 

























