বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে দেশের বিভিন্ন পর্যায়ের ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছে সরকার। সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষক পেয়েছেন দুই লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা সনদ।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতি গঠন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি, তাদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা এবং পেশাগত উন্নয়নের গুরুত্ব তুলে ধরতেই এ আয়োজন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়।
সরকারের দেওয়া সম্মাননার তালিকায় প্রাথমিক পর্যায়ের ১০ জন, মাধ্যমিক পর্যায়ের ২০ জন, কলেজ পর্যায়ের ২৫ জন এবং সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২০ জন শিক্ষক রয়েছেন।
এ ছাড়া চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয় পর্যায়ে তিনজন, প্রকৌশল বিশ্ববিদ্যালয় পর্যায়ে তিনজন এবং অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় পর্যায়ে চারজন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে।
এর বাইরে প্রধানমন্ত্রীর নির্বাচিত আরও সাতজন শিক্ষককেও বিশেষভাবে সম্মানিত করা হয়।
শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার ও মর্যাদা নিশ্চিতের পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে তাদের অবদানকে উৎসাহিত করতেই প্রতি বছর বিশ্ব শিক্ষক দিবসে এ ধরনের আয়োজন করা হয়ে থাকে।
প্রতিবেদকের নাম 





















