প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীর ধর্মসভা মন্দিরের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। পরে হিন্দু ধর্মাবলম্বীদের আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে পৌঁছালে মন্দির কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মসভার সভাপতি অধ্যাপক বিশ্বনাথ সরকার, সহসভাপতি অচিন্ত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস, কোষাধ্যক্ষ অশোক কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক সুব্রত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দেবনাথ, দপ্তর সম্পাদক আকাশ কুমার দাস, প্রচার সম্পাদক স্বপন কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক সুকুমার সরকার, মহেন্দ্র চন্দ্র সরকার ও সনৎ কুমার সাহা।
এ ছাড়া উপস্থিত ছিলেন সহ-কোষাধ্যক্ষ দেবাশীষ রায় মধু, মন্দিরের পুরোহিত বিদ্যুৎ কুমার মজুমদার, সহকারী পুরোহিত মুয়াজ মজুমদার এবং সেবাইত ড. শিখা সরকার ও সমমিতা বিশ্বাস।
পরে মতবিনিময় সভায় পূজা উদযাপনের জন্য তহবিল গঠন এবং মন্দির স্থাপনের দাবি জানান অংশগ্রহণকারীরা। এ বছর থেকে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সরকারের পক্ষ থেকে অধিক অনুদান ও সহযোগিতা দেওয়ায় সন্তুষ্টিও প্রকাশ করেন তাঁরা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মসভা মন্দির কর্তৃপক্ষের হাতে ১০ লাখ টাকার একটি চেক তুলে দেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ অনেকে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম রাজশাহী সফর। প্রতিবেদনটি বাসসের তথ্যের ভিত্তিতে প্রকাশিত।
প্রতিবেদকের নাম 




















