ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর এবং ভারতের নীতিনির্ধারকদের পরিকল্পিত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, শেখ হাসিনা হত্যা ও দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত এবং পলাতক আসামি। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে দিতে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠালেও ভারত এখনো কোনো জবাব দেয়নি।
তিনি অভিযোগ করেন, শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে ভারত পারস্পরিক আস্থা ও কূটনৈতিক সম্পর্কের স্বাভাবিক চর্চার পরিপন্থী আচরণ করছে। তার ভাষায়, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল এবং ভারতের নীতিনির্ধারকদের একটি পরিকল্পিত পদক্ষেপ।
ড্যাবের কার্যক্রমের প্রশংসা করে রিজভী বলেন, স্বৈরাচারী সরকারের সময়ও সংগঠনটি জনগণের পাশে থেকে চিকিৎসাসেবা কার্যক্রম চালিয়ে গেছে। এ কারণে অনেক চিকিৎসক বরখাস্ত, পদোন্নতি থেকে বঞ্চিত এবং দুর্গম এলাকায় বদলির মতো হয়রানির শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, করোনা, ডেঙ্গু ও হামসহ বিভিন্ন দুর্যোগে ড্যাব বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়া হলেও তৎকালীন সরকার তা বাস্তবায়ন করতে দেয়নি বলে দাবি করেন।
ভারতের ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো দেড় হাজারের বেশি তরুণ-শিক্ষার্থীর আত্মত্যাগের বর্ষপূর্তিতে দিল্লিতে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া শহীদদের প্রতি অসম্মান প্রদর্শনের সামিল।
দেশের স্বাস্থ্য ও উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। ডেঙ্গু পরীক্ষায় বিনামূল্যে সেবা এবং হাম প্রতিরোধে প্রায় দুই কোটি শিশুকে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে ড্যাবের কেন্দ্রীয় সভাপতি ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. শাকিলসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।
প্রতিবেদকের নাম 




















