সিলেট নগরীতে অপরাধীদের শনাক্ত করতে খুব শিগগিরই গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে ফেস রিকগনিশন ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (২৪ মে) বিকেলে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার কর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন অপরাধের ঘটনায় পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের শনাক্ত ও নজরদারি জোরদার করতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফেস রিকগনিশন ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
কোরবানির চামড়া সংগ্রহ না করার বিষয়ে সিলেটের কওমী মাদরাসাগুলোর ঘোষণার প্রসঙ্গ টেনে তিনি বলেন, চামড়া যাতে নষ্ট না হয় এবং সঠিকভাবে সংরক্ষণ করা যায়, সে জন্য স্থানীয় প্রশাসন, মাদরাসা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সবাই কাজ করছে।
তিনি আরও বলেন, চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ এবং চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। তাই কোরবানির পর চামড়া সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
প্রতিবেদকের নাম 























