জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
সংলাপে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে।
এর আগে বিভিন্ন নাশকতার ঘটনায় জাতীয় সংসদে কঠোর হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
সংসদ অধিবেশনের সমাপনী দিনে বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে ১১ দল নিজেদের মধ্যে বৈঠকে বসে। এসব আলোচনার ধারাবাহিকতায় এবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু করছেন সরকারপ্রধান।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, সংকটের সময়ে সরকারপ্রধানের আহ্বানে সাড়া দিয়ে সংলাপে অংশ নিচ্ছে তার দল। জানা গেছে, অন্যান্য রাজনৈতিক দলকেও পর্যায়ক্রমে সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে।
তবে বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে সংলাপের সময় এখনো চূড়ান্ত হয়নি। দলটির আমির ডা. শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। তিনি দেশে ফিরলে আগামী ২৭ বা ২৮ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে দলটির বৈঠক হতে পারে।
প্রতিবেদকের নাম 






















