দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার রূপপুরে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া সফলভাবে শুরু হয়েছে। এর মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, প্রয়োজনীয় কার্যক্রম শেষ হলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ পাওয়া যেতে পারে।
রোববার (১১ অক্টোবর) বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়রা)। বিদ্যুৎ উৎপাদনের আগে পারমাণবিক চুল্লিতে এই বিক্রিয়া শুরুর প্রাথমিক পর্যায়কে ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’ বলা হয়।
কেন্দ্রটির প্রথম ইউনিটে ‘বি-টু’ ধাপের অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে ‘বি-ওয়ান’ ধাপের কাজ সম্পন্ন হয়। বি-টু ধাপ শেষ হলে পরবর্তী ‘সি’ ও ‘ডি’ ধাপের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, বি-টু ধাপের কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। এরপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও অন্যান্য কার্যক্রম শেষ করে প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
প্রাথমিক পর্যায়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আশা করা হচ্ছে। তবে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে কি না, তা পরবর্তী কার্যক্রমের অগ্রগতি ও প্রয়োজনীয় অনুমোদনের ওপর নির্ভর করবে।
/এএন
প্রতিবেদকের নাম 






















