বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গুরুত্বপূর্ণ দায়িত্বও পেলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
আইসিসির ঘোষণায় জানানো হয়েছে, বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোর কার্যক্রম, নীতিমালা ও আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে ভারসাম্য রক্ষায় কাজ করবে এই কমিটি। চেয়ারম্যান হিসেবে কমিটির নেতৃত্ব দেবেন তামিম ইকবাল।
বর্তমানে আইপিএল, বিগ ব্যাশ, বিপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যাপক বিস্তারের ফলে আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজের সূচি, খেলোয়াড়দের কর্মব্যস্ততা এবং ক্রিকেটারদের সুরক্ষা নিয়ে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এসব বিষয়ে সমন্বিত নীতিমালা প্রণয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটি।
তামিম ইকবালের নেতৃত্বাধীন এই কমিটিতে সদস্য হিসেবে থাকছেন ক্রিকেট নামিবিয়ার প্রতিনিধি রুডি ভ্যান বুরেন, ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দেবজিৎ সাইকিয়া, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) রিচার্ড গুল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার টড গ্রিনবার্গ।
আইসিসির এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় বিশ্ব ক্রিকেটের নীতিনির্ধারণী পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতিবেদকের নাম 










