আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল (১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৫টায়, ভুটানের থিম্পুতে।
তবে সাফের সাত সদস্য দেশের একটি নেপালের অংশগ্রহণ এখনো অনিশ্চিত। কারণ, দেশটি বর্তমানে ফিফার নিষেধাজ্ঞার আওতায় থাকায় আনুষ্ঠানিকভাবে ড্রয়ে রাখা হচ্ছে না।
সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল জানান, আগামীকালের ড্রয়ে ছয়টি দল থাকবে। তবে নেপালের জন্য একটি সময়সীমা নির্ধারণ করা হবে। সেই সময়ের মধ্যে ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে তারা টুর্নামেন্টে অংশ নিতে পারবে, অন্যথায় সুযোগ থাকবে না।
তিনি আরও জানান, নিষেধাজ্ঞা উঠে গেলে নেপালকে স্বাগতিক বাংলাদেশর গ্রুপে রাখা হবে। এতে স্বাগতিক দলের একটি অতিরিক্ত ম্যাচ আয়োজন সহজ হবে। বিষয়টি ড্র অনুষ্ঠানে বিস্তারিত ব্যাখ্যা করা হবে।
ছয় দল নিয়ে টুর্নামেন্ট হলে দুই গ্রুপে তিনটি করে দল থাকবে এবং প্রতিটি গ্রুপে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর নেপাল যোগ দিয়ে সাত দল হলে বাংলাদেশের গ্রুপে চারটি দল থাকবে, ফলে ওই গ্রুপে ম্যাচের সংখ্যা বেড়ে ছয়টি হবে।
সাফের সাধারণ সম্পাদক বলেন, ছয় বা সাত—যে সংখ্যক দলই অংশ নিক না কেন, টুর্নামেন্ট নির্ধারিত সূচি অনুযায়ীই শেষ হবে। ম্যাচের মাঝে বিরতির সময় কিছুটা সমন্বয় করা হবে। তিনি জানান, আগামীকাল ছয় ও সাত দল—উভয় সম্ভাবনা মাথায় রেখে পূর্ণাঙ্গ ফিকশ্চার প্রকাশ করা হবে।
প্রতিবেদকের নাম 

























