
নৈতিক কারণে পদত্যাগ এবং ফৌজদারি অপরাধের অভিযোগের কারণে পদত্যাগ—দুটি ভিন্ন বিষয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের কারণ সরকারকে স্পষ্ট করতে হবে বলেও দাবি করেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পূর্ব মেরুল বাড্ডার নিমতলা মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, এর আগে সংরক্ষিত আসনের একজন সংসদ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ থাকার পরও তাঁকে গ্রেপ্তার করা হয়নি। অন্যদিকে, ইশরাক হোসেনের অপরাধ কী, তা-ও স্পষ্ট করা হয়নি বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলামের মতে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে কারও বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে তা আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে। শুধু পদত্যাগকে এ ক্ষেত্রে সমাধান হিসেবে দেখার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।
দেশে মাদকের বিস্তার ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে নাহিদ ইসলাম দাবি করেন, ইশরাক হোসেন এ ঘটনায় বলির শিকার হয়েছেন। তাঁর বক্তব্য, মাদকের বড় ধরনের সরবরাহ ও বিক্রির সঙ্গে কক্সবাজারের সংশ্লিষ্টতা রয়েছে। তবে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার প্রসঙ্গ তুলে ধরে তিনি অভিযোগ করেন, বিষয়টি নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে না।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায় রয়েছে বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। এ পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
এ ছাড়া সংবিধান সংশোধন কমিটির কার্যক্রমকে প্রহসন ও নাটক বলে অভিহিত করেন নাহিদ ইসলাম।
প্রতিবেদকের নাম 




















