কিশোরগঞ্জের কটিয়াদীতে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রাম এলাকার তেভাগা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হবিগঞ্জের বাসিন্দা রাবেয়া (৫০), মিলন মিয়া (৩৫) ও জারা মনি (৫)। তাদের মধ্যে মিলন মিয়া দুর্ঘটনাস্থলেই মারা যান।
যেভাবে ঘটল দুর্ঘটনা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জের কয়েকজন ব্যক্তি ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক রোগীকে দেখতে গিয়েছিলেন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে কটিয়াদীর আচমিতা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের ফলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মিলন মিয়া নিহত হন।
পরে গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাবেয়া ও জারা মনিকে মৃত ঘোষণা করেন। আহত আরও তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কাভার্ডভ্যান জব্দ
দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
তিনি জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিবেদকের নাম 


























